রানীগঞ্জে দু নং সড়কে জ্বললো লরি
মোহন সিং
দু’নম্বর জাতীয় সড়কে দাউদাউ করে জ্বলছে একটি লরি। গতকাল সকালে এমন দৃশ্যই দেখা গেল রানিগঞ্জের মঙ্গলপুরের কাছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। তবে এর জেরে দীর্ঘক্ষণ জাতীয় সড়কের একদিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়।হলদিয়া থেকেই ওই লরিটি মঙ্গলপুরে আসছিল। লরির চালকের কথায়, হলদিয়া থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে মঙ্গলপুর শিল্পতালুকে একটি কারখানায় একাই যাচ্ছিলেন তিনি। কারখানা থেকে খানিক দূরে দু’নম্বর জাতীয় সড়কের উপরে হঠাৎ ইঞ্জিনের ভিতর থেকে আগুন বেরোতে দেখেন। সামনাসামনি জল না পাওয়ায় মুহূর্তে আগুন ধরে যায় লরিটিতে। বিষয়টি দেখতে পেয়ে দমকলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপর রানিগঞ্জ দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন এসে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চালক জানিয়েছেন, এই ঘটনার ফলে গাড়িতে থাকা গাড়ির কাগজপত্র ও নগদ কুড়ি হাজার টাকা পুড়ে গেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দমকল কর্মীদের অনুমান, ইঞ্জিনে শর্টসার্কিট হওয়ার কারণেই আগুন লেগেছে লরিতে। আগুন নেভার পর রানিগঞ্জ থানার পুলিশ লরিটিকে রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।